চট্টগ্রামে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক ওরফে পিয়াসের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সামরিক মর্যাদায় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
নিহত আবু বকর সিদ্দিক পিয়াস কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। চার বোনের একমাত্র ছোট ভাই পিয়াস ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও অমায়িক স্বভাবের জন্য এলাকায় সবার কাছে প্রিয় ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, চাকরির সুবাদে স্ত্রী, সন্তান ও বাবা-মাকে নিয়ে চট্টগ্রামের সেনা কোয়ার্টারে বসবাস করতেন পিয়াস। দেশের দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারকে ঘিরে ছিল তার ছোট্ট সংসার। প্রায় ১৮ মাস আগে তার ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ফাতেমা।
পিয়াসের চাচা মোশারেফ হোসেন বলেন, মেয়েকে ঘিরে যখন পরিবারের আনন্দ-উচ্ছ্বাস, ঠিক তখনই পিয়াসের মৃত্যুর খবর আসে। বাবার স্নেহ-ভালোবাসা বোঝার আগেই মেয়েটিকে বাবাহারা হতে হলো।
নিহতের ভগ্নীপতি আবু সাঈদ বলেন, পিয়াস ছিলেন চার বোনের একমাত্র ছোট ভাই। ছোটবেলা থেকেই সহজ-সরল ও হাসিখুশি স্বভাবের ছিলেন। সবার সঙ্গে অমায়িক আচরণ করায় স্বজন ও প্রতিবেশীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।
পিয়াসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মালিপাড়া গ্রামে শোকের আবহ নেমে আসে। বৃহস্পতিবার সকালে শেষবারের মতো তাকে দেখতে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা ভিড় করেন। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয় বাসিন্দা এবাদ উল্যাহ বলেন, পিয়াস খুব ভালো মানুষ ছিলেন। তার এমন অকালমৃত্যু মেনে নেওয়া কঠিন। মাত্র ১৮ মাসের একটি মেয়েকে রেখে তাকে চলে যেতে হলো—এটাই সবচেয়ে কষ্টের।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের একপর্যায়ে আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে দুই সেনাসদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা বলেন, সামরিক মর্যাদায় গার্ড অব অনার দিয়ে পিয়াসকে দাফন করা হয়েছে। দেশের সেবায় নিয়োজিত একজন তরুণের এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।