Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / আসামে ট্রেন থেকে নামিয়ে ১৫ বাংলাদেশিকে আটক - Chief TV

আসামে ট্রেন থেকে নামিয়ে ১৫ বাংলাদেশিকে আটক - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  29 views
আসামে ট্রেন থেকে নামিয়ে ১৫ বাংলাদেশিকে আটক - Chief TV

ভারতের আসাম রাজ্যে নারী ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) গুয়াহাটি ও রাঙ্গিয়া এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বিষয়টি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আসাম পুলিশের সীমান্ত শাখার কর্মকর্তারা জানান, প্রথমে গুয়াহাটির পল্টনবাজার এলাকায় আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের প্রাঙ্গণ থেকে ১২ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জম্মু তাওয়াই এক্সপ্রেসে থাকা আরও ১৫ জনের সন্ধান পায় পুলিশ। পরে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে সুরক্ষা বাহিনীর সহযোগিতায় তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ২৭ জনের কারও কাছেই ভারতে বৈধভাবে অবস্থানের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি ছিল না। তাদের মধ্যে পুরুষ, নারী ও অপ্রাপ্তবয়স্করাও রয়েছেন। আটক ব্যক্তিরা বাংলাদেশের ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, আটক ব্যক্তিদের বেশিরভাগই কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন। তারা কীভাবে ভারতে প্রবেশ করেছেন এবং কোনো দালাল বা মধ্যস্থতাকারী তাদের সহায়তা করেছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহিষ্কার আদেশ চাওয়া হয়েছে। ওই আদেশ জারি হলে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বিশেষ করে তাদের ভারতে প্রবেশের পথ এবং এ ঘটনায় কোনো ব্যক্তি বা চক্র জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share: