Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু - Chief TV

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু - Chief TV

2026-09-09  ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ  43 views
বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া শুরু - Chief TV

বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এ উদ্যোগ নিয়েছে বাগেরহাট পৌরসভা।

বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভা চত্বরে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম এবং ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ও ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্কের ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতিতে বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহপালিত কুকুরকেও জলাতঙ্ক প্রতিরোধী টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিটি বাস্তবায়নে ফেনী থেকে আসা অভিজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সঙ্গে চুক্তি করেছে বাগেরহাট পৌরসভা। টিমের সদস্যরা পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে কুকুর শনাক্ত করে টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনা করবেন।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, কুকুরের টিকাদানের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। স্থানীয়দের সহযোগিতায় কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী, গত তিন মাসে প্রায় ৭ হাজার ৫০০ মানুষ কুকুরের কামড়ের পর জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। বিপুলসংখ্যক মানুষের টিকা নেওয়ার বিষয়টি কুকুরের কামড়ের ঝুঁকি মোকাবিলায় কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কুকুরকে নিয়মিত টিকাদানের পাশাপাশি কুকুরের কামড়ের শিকার ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা নিশ্চিত করা জরুরি। পৌরসভার চলমান এ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও ধারাবাহিকভাবে পরিচালিত হলে জলাতঙ্কের ঝুঁকি কমাতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Share: