Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / কুড়িগ্রাম / বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - Chief TV

বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - Chief TV

2026-09-16  মোঃ হাসান মাহমুদ জয় কুড়িগ্রাম প্রতিনিধি  27 views
বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - Chief TV

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে বেড়াতে আসা স্বজন ও পরিবারের সদস্যদের মারধর, ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় আহত এক যুবক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার ও বেড়াতে আসা স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের ময়দাম গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মো. হুমায়ুন কবির ওরফে আলতাফ (২৬) ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, ওই দিন বিকেলে হুমায়ুন কবিরের বাড়িতে কয়েকজন আত্মীয় বেড়াতে আসেন। রাতে খাওয়াদাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে একই এলাকার মো. শফি উদ্দিন (৫০), মো. মাসুদ রানা (৩০), মো. বকুল মিয়া (৫০), মো. মতিয়ার রহমান মতি (৪৫), মো. হাসেম আলী (২৫) ও মো. শরিফুল ইসলাম (২৪)সহ কয়েকজন অনধিকারভাবে বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগকারীর দাবি, বাড়িতে ঢুকে তাঁরা বেড়াতে আসা স্বজনদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁদের ওপর হামলা চালানো হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। এতে হুমায়ুন কবির ওরফে আলতাফ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

অভিযোগে আরও বলা হয়, মারধর ও প্রাণনাশের হুমকির মুখে শরিফুল ইসলামের মুঠোফোনের আর্থিক লেনদেনের হিসাবে ১৯ হাজার টাকা পাঠাতে বাধ্য করা হয়। এছাড়া বেড়াতে আসা মো. জাকির হোসেনের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা এবং মো. সুজন মিয়ার কাছ থেকে ২৬ হাজার ৩০০ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ৪৮ হাজার ৩০০ টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

হুমায়ুন কবিরের দাবি, রাত থেকে ভোর প্রায় ৫টা পর্যন্ত আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখার পর অভিযুক্তরা চলে যান। পরে বিষয়টি থানায় জানানো ও হাসপাতালে চিকিৎসা নেওয়া হলে খুন, জখম এবং গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে বেড়াতে আসা স্বজনরা ভোরেই এলাকা ছাড়তে বাধ্য হন।

পরদিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা প্রত্যাখ্যান করেন বলে অভিযোগ। উল্টো ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে খুন, গুম ও গ্রামছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত হুমায়ুন কবিরকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হুমায়ুন কবির বলেন, মারধরের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের নিরাপত্তা নিয়েও আতঙ্কে থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য উপপরিদর্শক শাহাজাহান আলী মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Share: