পটুয়াখালীর কলাপাড়ায় দুই তরুণীর একসঙ্গে বসবাসকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাদের বয়স ১৯ ও ২১ বছর। উপজেলার লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল লালঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারি আবাসনের বাসিন্দা হানিফ মৃধার বাড়িতে ২১ বছর বয়সী এক তরুণী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকছেন। সম্প্রতি তার এক বোন ময়মনসিংহ থেকে ১৯ বছর বয়সী আরেক তরুণীকে ওই বাড়িতে নিয়ে আসেন।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে দুই তরুণী একই কক্ষে রাতযাপন করেন। এ সময় কক্ষটি বিশেষভাবে সাজানো হয়েছিল বলেও স্থানীয়রা জানান। বিষয়টি বুধবার জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়।
পরে লালুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব দুই তরুণীর পরিবারের সদস্যদের বিষয়টি জানান। এরপর তাদের স্থানীয়ভাবে তার জিম্মায় রাখা হয়েছে বলে জানা গেছে।
ইউপি সদস্য কাওসার হাবিব বলেন, বিষয়টি জানার পর তিনি দুই তরুণীর পরিবারের সদস্যদের খবর দিয়েছেন। আপাতত তাদের তার জিম্মায় রাখা হয়েছে এবং প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।