ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। সেখানে মেস্ত্রে শহরে কয়েকজন বাংলাদেশির হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।
বাঁধনের অভিযোগ, হামলার সময় তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে আঘাত করা হয়। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশেও ব্যাপক আলোচনা তৈরি হয়।
বাঁধনের ওপর হামলার বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘটনাটিকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে উল্লেখ করেন।
দেশে ফিরে বাঁধন বলেন, এ ঘটনার মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা নয়, বরং হামলাকারীরাই অনিরাপদ হয়ে পড়ছেন। বিদেশের মাটিতে এমন ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলকানা না হয়ে পরিবারের কথা ভাবার আহ্বান জানান। তার ভাষ্য, কষ্ট করে তারা পরিবারের জন্যই কাজ করছেন।
বাঁধন আরও জানান, গত ৮ সেপ্টেম্বর ইতালিতে হামলার ঘটনায় তিনি মামলা করেছেন। একই সঙ্গে ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী।