Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির - Chief TV

আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  43 views
আবারও লং মার্চের ঘোষণা দিলেন জামায়াত আমির - Chief TV

আবারও লং মার্চের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জামায়াত আমির।

এ সময় সরকারের বিরুদ্ধে জনগণের দেওয়া রায় উপেক্ষা এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতির সঙ্গে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি। জনগণের গণরায়ও উপেক্ষা করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার কার্যকর হলে কোনো সরকার স্বেচ্ছাচারিতা করতে পারবে না।

জামায়াত আমির বলেন, সরকার সংস্কার বাস্তবায়ন না করলেও জনগণের রায় থেকে তারা সরে দাঁড়াবেন না। কয়েকটি বিষয় ছাড়া তাদের মতামত সরকার আমলে নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা হলে তা প্রতারণার শামিল হবে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

সম্পদ বণ্টন আইন নিয়েও আপত্তি জানান তিনি। তার দাবি, কোরআনের বিধানের বিপরীতে এই আইন করা হয়েছে। এমন দুঃসাহস ইংরেজরাও করেনি বলে মন্তব্য করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান আরও বলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ায় মুক্তিযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। একইভাবে জনগণের ভোটের রায় সরকার উপেক্ষা করলে সেটিও তারা মেনে নেবেন না।

সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকার ভালো কাজ করলে তারা সমর্থন করবেন। আর খারাপ কাজ করলে বিরোধিতা করার পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলবেন।

এদিকে র‌্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের বিষয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, র‌্যাব জাতির সঙ্গে চরম অন্যায় করেছে, তাই তারা এর বিলুপ্তি চেয়েছিলেন। কিন্তু পুরোনো সদস্য ও আগের কার্যক্রম বহাল রেখে শুধু নতুন মোড়কে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠন করা হয়েছে।


Share: