Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / ‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী - Chief TV

‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী - Chief TV

2026-08-29  ডেস্ক রিপোর্ট  104 views
‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী - Chief TV

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ভাইরাল ঘটনার নতুন তথ্য সামনে এসেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজেই মদ্যপানের কথা স্বীকার করেছেন। তার দাবি, অসুস্থ অবস্থায় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তাকে সাহায্য করতে এসেছিলেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তরুণী বলেন, তিনি নিজেই মদ পান করেছিলেন এবং তাকে কেউ জোর করে পান করায়নি। মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা তাকে সহায়তা করতে এসেছিলেন বলেও দাবি করেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে তরুণী পুলিশকে বলেছেন, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তিনি মানসিক চাপে ছিলেন। বাড়িতে গিয়ে মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরে ওই তরুণদের সঙ্গে যান।

তরুণীর ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে তিনি পরিচিত হিসেবে চিনতেন। অসুস্থ হয়ে পড়ার পর তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। তবে ভাইরাল ভিডিওতে থাকা মোটরসাইকেলের দুই আরোহীর বক্তব্য নিতে তাদের শনাক্ত করে খুঁজছে পুলিশ।

জিজ্ঞাসাবাদ শেষে তরুণীকে তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলেও জানা গেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি মোটরসাইকেলের মাঝখানে এক তরুণীকে নিস্তেজ অবস্থায় বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে মৃত বা গুরুতর অসুস্থ বলে নানা ধরনের আলোচনা শুরু হয়। পরে জানা যায়, তরুণী জীবিত রয়েছেন।

তবে ঘটনার সব রহস্য এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। তরুণীকে ঠিক কোন পরিস্থিতিতে ওই অবস্থায় মোটরসাইকেলে করে নেওয়া হচ্ছিল এবং সেখানে কোনো অপরাধের যোগসূত্র রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানান, ভাইরাল ভিডিওতে থাকা মোটরসাইকেলটির নম্বর শনাক্ত করা হয়েছে। মালিকানা ও দুই আরোহীর পরিচয় নিশ্চিত করে তাদের জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও অন্যান্য তথ্য যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: