Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল - Chief TV

আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  31 views
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল - Chief TV

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁর বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে আশুগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ স্থানীয় নেতারা।

সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার পরিবারের ইতিহাস ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি জাতীয় সংসদে গ্যাস, বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয়ে বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। একই সঙ্গে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বিএনপি ক্ষমতায় এলে গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হওয়ার আশঙ্কার কথা বলেন। পাশাপাশি দুর্নীতি ও ঋণখেলাপিসহ বিভিন্ন বিষয়ে বিএনপির অতীত ভূমিকার সমালোচনা করেন তিনি।

রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


Share: