Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / কুষ্টিয়া / বাবার জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ছেলের - Chief TV

বাবার জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ছেলের - Chief TV

2026-09-10  ডেস্ক রিপোর্ট  37 views
বাবার জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল ছেলের - Chief TV

বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে মাগুরা থেকে কুষ্টিয়ায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নূরে আলম জিকু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর বাজার ও চৌড়হাস হাইওয়ে থানার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরে আলম জিকু কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর এলাকার জামিন দোকানদারের ছেলে। ব্যবসায়িক কাজে তিনি মাগুরায় অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বাবার মৃত্যুর খবর পেয়ে রাত ৮টায় নির্ধারিত জানাজায় অংশ নিতে মোটরসাইকেলে করে মাগুরা থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন জিকু। পথে ভাদালিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস বা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি দ্রুতগতির যান জিকুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আকিদুল ইসলাম গুরুতর আহত হন।

পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থলেই মৃত্যু হওয়ায় মরদেহ সরাসরি মর্গে নেওয়া হয়েছে।

চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নূরে আলম জিকুর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘাতক যানটি বাস নাকি ট্রাক, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাবা ও ছেলের একই দিনে আকস্মিক মৃত্যুতে নিহতের পরিবার, স্বজন ও লালনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share: