চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি দ্রুত বাড়ছে। বর্তমানে বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এতে বিস্তীর্ণ চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানির কারণে যাতায়াত ও কৃষিকাজসহ নানা ধরনের দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাঙ্খা গেজ স্টেশনে পদ্মা নদীর পানির উচ্চতা ২১ দশমিক ৭৬ মিটার রেকর্ড করা হয়েছে। নদীটির বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। ফলে বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পদ্মার পাশাপাশি জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীতেও পানি বাড়ছে। মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির উচ্চতা ১৯ দশমিক ৪৩ মিটার। সেখানে বিপৎসীমা ২০ দশমিক ৫৫ মিটার। অন্যদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির উচ্চতা ১৯ দশমিক ৪৬ মিটার, যেখানে বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম জানান, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত পদ্মার পানি বাড়তে পারে। এরপর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
এদিকে পদ্মার পানি বাড়ায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বৃহস্পতিবার এসব এলাকা পরিদর্শন করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়া, যাতায়াতে দুর্ভোগ, কৃষিকাজে সমস্যা ও অন্যান্য সংকটের কথা কর্মকর্তাদের জানান। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের সমস্যাগুলো শুনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়দের আশঙ্কা, পদ্মার পানি আরও বাড়লে চরাঞ্চলের মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে।