জামালপুরের বকশীগঞ্জে এক রাতে শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী ওয়ারলেছ আলীর বিরুদ্ধে। ঘটনাটি পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মালিরচর ধুমালিপাড়া গ্রামের সড়কের মোড় এলাকায় ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. মোন্নাফ আলী সড়কের পাশে প্রায় ১৫ কাঠা জমিতে পাঁচ শতাধিক কলাগাছের বাগান গড়ে তোলেন। চার বছর আগে একই গ্রামের সাজু মিয়ার কাছ থেকে জমিটি বন্ধক নিয়ে তিনি সেখানে কলাগাছ রোপণ করেন। পরিচর্যায় গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠেছিল এবং প্রায় দুই মাসের মধ্যে ফলন আসার কথা ছিল।
কৃষক মোন্নাফ আলীর অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলে। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় নিন্দার সৃষ্টি হয়। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, তাঁর প্রতিবেশী ওয়ারলেছ আলী গাছগুলো কেটে ফেলেছেন।
মোন্নাফ আলী বলেন, কলাগাছ কেটে ফেলায় তাঁর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত ওয়ারলেছ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।