সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি ব্যক্তিগত ভিডিও। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে পরিচিত এই অভিনেতার ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রায় ৪৫ সেকেন্ডের ভিডিওটিতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় পাভেলকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হলে গণমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা।
পাভেল জানান, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী। তাদের মধ্যে এর বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি।
ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান পাভেল। প্রতিযোগিতাটিতে তিনি দ্বিতীয় রানারআপ হন।
মীরাক্কেল থেকে দেশে ফেরার পর স্টেজ শো ও ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে কাজ শুরু করেন তিনি। নির্মাতা তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তার অভিনয়জীবনের শুরু হয়।
তবে পাভেলের ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে অভিনয়ের পর। সেখানে ‘জাকির হোসেন নেইমার’ ও ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।
এরপর কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ফিমেল’ এক ও দুই, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেন পাভেল। এসব কাজেও দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি।