সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭১ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, এর আগে অসুস্থ হয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সন্ধ্যা রানি ধর। স্বাস্থ্য পরীক্ষায় তার ক্যানসার শনাক্ত হয়। তবে হাসপাতালে থাকতে চাইছিলেন না তিনি। ছেলের দীর্ঘদিনের অবস্থানের স্থান পুণ্ডরীক ধাম আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
গত মঙ্গলবার নিজেই আশ্রমে যাওয়ার ইচ্ছা জানান সন্ধ্যা রানি ধর। পরে তাকে সেখানে নেওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
চিন্ময় কৃষ্ণ দাসের বড় ভাই রঞ্জন কুমার ধর জানান, মায়ের মরদেহ হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। সেখান থেকে প্রয়োজনীয় চিকিৎসা সনদ নিয়ে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে। মায়ের শেষকৃত্য হাটহাজারীর পুণ্ডরীক ধামেই সম্পন্ন হবে।
পরিবারের দাবি, ছেলে দীর্ঘদিন কারাগারে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা রানি ধর। ছেলের অসুস্থতার খবর, বারবার জামিন না হওয়া এবং কারাগার থেকে মুক্তি না পাওয়ায় তিনি দুশ্চিন্তায় ছিলেন। সর্বশেষ ছেলের জামিন শুনানিকে ঘিরে আশাবাদী হলেও জামিন না হওয়ায় তার উদ্বেগ আরও বেড়ে যায় বলে জানিয়েছে পরিবার।
এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের ভাষ্য, দীর্ঘদিনের মানসিক চাপের মধ্যে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে হৃদ্যন্ত্রেও জটিলতা দেখা দেয়। চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চলছিল।
চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে রয়েছেন। অসুস্থ মাকে দেখতে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয় বলে জানিয়েছে পরিবার।