Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / চিড়িয়াখানায় মিলল জলাতঙ্কে আক্রান্ত বাদুড় - Chief TV

চিড়িয়াখানায় মিলল জলাতঙ্কে আক্রান্ত বাদুড় - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  39 views
চিড়িয়াখানায় মিলল জলাতঙ্কে আক্রান্ত বাদুড় - Chief TV

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের রজার উইলিয়ামস পার্ক চিড়িয়াখানায় জলাতঙ্কে আক্রান্ত একটি বাদুড়ের উপস্থিতি শনাক্ত হওয়ার পর স্থানীয়দের জন্য সতর্কতা জারি করেছে রাজ্য স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে চিড়িয়াখানাটিতে আসা দর্শনার্থীদের দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

রোড আইল্যান্ড স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ আগস্ট চিড়িয়াখানার জল-ক্রীড়া এলাকায় একটি বাদুড়কে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। পরে এর আচরণ ও লক্ষণ বিশ্লেষণ করে চিকিৎসকেরা বাদুড়টির জলাতঙ্কে আক্রান্ত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে নিশ্চিত হন।

ঘটনাটি জানার পর গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে রাজ্য স্বাস্থ্য বিভাগ। তবে চিড়িয়াখানার পশুচিকিৎসা দলের দাবি, বাদুড়টি বন্য ছিল এবং চিড়িয়াখানার নিজস্ব প্রাণী সংগ্রহের অংশ ছিল না।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত নিয়ম অনুযায়ী বাদুড়টিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে পরীক্ষার আগেই সেটি নিখোঁজ হয়ে যায়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বাদুড়ের কামড় বা আঁচড় অনেক সময় খুব সূক্ষ্ম হওয়ায় আক্রান্ত ব্যক্তি তা বুঝতে পারেন না। তাই গত ২৪ আগস্ট চিড়িয়াখানার ওই এলাকায় থাকা এবং বাদুড়টির সংস্পর্শে আসতে পারেন এমন ব্যক্তিদের দ্রুত নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলাতঙ্কের লক্ষণ দেখা দেওয়ার পর রোগটি অত্যন্ত প্রাণঘাতী হতে পারে। তাই সম্ভাব্য সংস্পর্শের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।


Share: