Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আবহাওয়া / ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘অর্ণব, আঘাত হানবে কবে - Chief TV

ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘অর্ণব, আঘাত হানবে কবে - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  24 views
ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘অর্ণব, আঘাত হানবে কবে - Chief TV

উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছাকাছি একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এটি শক্তি সঞ্চয় করে শনিবার সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো। পরবর্তীতে নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কাও রয়েছে।

সম্ভাব্য ঘূর্ণিঝড়টি তৈরি হলে বাংলাদেশের দেওয়া নামের তালিকা অনুযায়ী এর নাম হবে ‘অর্ণব’। তবে এখনই ঘূর্ণিঝড় তৈরির বিষয়ে নিশ্চিত কোনো পূর্বাভাস দেওয়া হয়নি।

আমেরিকার আবহাওয়া মডেল জিএফএসের পূর্বাভাসে ঘূর্ণাবর্তটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। অন্যদিকে ভারতের আবহাওয়া দপ্তর আপাতত শুধু নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য এই আবহাওয়াজনিত পরিবর্তনের প্রভাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে বজ্রপাত, দমকা হাওয়াসহ ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। এর প্রভাব ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গেও পড়তে পারে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর ও সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। পরিস্থিতি বিবেচনায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত বৃষ্টির হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে।


Share: