Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / দশ বছর পর প্রতিষ্ঠানে ফিরলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ - Chief TV

দশ বছর পর প্রতিষ্ঠানে ফিরলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ - Chief TV

2026-09-16  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  26 views
দশ বছর পর প্রতিষ্ঠানে ফিরলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ - Chief TV

প্রায় এক দশক পর নিজ প্রতিষ্ঠানে ফিরে অধ্যক্ষের চেয়ারে বসেছেন জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. শাহিনুর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন, শিক্ষার্থী-অভিভাবক এবং প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে অধ্যক্ষের কক্ষে গিয়ে চেয়ারে বসেন তিনি। এ ঘটনায় প্রতিষ্ঠানজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন শাহিনুর রহমান। পরে নিজেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ দাবি করে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনুর রহমান দাবি করেন, প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে তাকে একটি মামলায় জড়ানো হয়। ওই মামলায় দুই দিন কারাভোগের পর জামিন পেলেও তিনি আর প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারেননি। তার অভিযোগ, তৎকালীন একটি মহলের ইন্ধনে তাকে সাময়িক বরখাস্ত করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়।

শাহিনুর রহমান আরও দাবি করেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হওয়ায় আদালতের মাধ্যমে ২০২৫ সালে তিনি অব্যাহতি পান। এরপর স্বপদে পুনর্বহালের জন্য ব্যবস্থাপনা কমিটির কাছে আবেদন করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি বলেন, ১৮০ দিন অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার এলাকার সুধীজন, শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে পুনরায় অধ্যক্ষের পদে বসানো হয়েছে।

তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলতে।

প্রতিষ্ঠানটির সভাপতি ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. কশপিয়া তাসরিন বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share: