Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / এবার এনসিপির নতুন দায়িত্বে বিতর্কিত সেই তুষার - Chief TV

এবার এনসিপির নতুন দায়িত্বে বিতর্কিত সেই তুষার - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  53 views
এবার এনসিপির নতুন দায়িত্বে বিতর্কিত সেই তুষার - Chief TV

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছয় মাস মেয়াদি এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ওরফে তুষার ভূঁইয়াকে। সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত গাড়ি নিয়ে ওঠা বিতর্কে তুষার ভূঁইয়ার নাম আলোচনায় আসে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে মাদারীপুর জেলা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আতিকুর রহমান হাওলাদারকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মনির হোসেন, রাজু আহমেদ, তুষার সব্যসাচী, বিপ্লব কাজী, হাসিবুল হাসান ও রেজাউল করিম। সদস্যসচিব করা হয়েছে ইমামজ্জম হোসেন রোমানকে। সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. ফরহাদ হোসেন। যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন মহসিন ফকির, লায়ন আলমগীর হোসেন, শেখ মাসুদ, রুবেল মাহমুদ, মো. আবেদ আব্দুল্লাহ ও মো. হেলাল উদ্দিন।

চিঠিতে বলা হয়েছে, আগামী ছয় মাসের জন্য মাদারীপুর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে তুষার ভূঁইয়ার নেতৃত্বেই এ সময়ে জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

সম্প্রতি ১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত একটি গাড়ি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতার মালিকানাধীন একটি প্রাডো গাড়িতে করে নাসীরুদ্দীন পাটওয়ারী লংড্রাইভ করেছেন। ৬ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

এদিকে আমজনতা পার্টির তারেক রহমানও দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহৃত গাড়িটির মালিক তুষার ভূঁইয়া। এ বিষয়ে একটি ভিডিওতে গাড়িটির মালিকানার প্রমাণ উপস্থাপনের কথাও জানান তিনি।

তুষার ভূঁইয়ার রাজনৈতিক পরিচয় নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। জানা গেছে, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি মাদারীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে দেখা যায়। ২০২২ সালে বিএনপি-জামায়াতবিরোধী আওয়ামী লীগের একটি মিছিলেও তিনি উপস্থিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০১৯ সালের মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তুষার ভূঁইয়া। তবে ২০২৪ সালের জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে আন্দোলনের প্রতি সমর্থনের কথাও দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তুষার ভূঁইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেন। এরশাদের পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন এবং আমৃত্যু দলটির সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

এ ছাড়া স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও তুষার ভূঁইয়ার বিরুদ্ধে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে বিভিন্ন সময়ে স্থানীয় ব্যবসায়ীরা ঝাড়ুমিছিলসহ নানা কর্মসূচি পালন করেছেন বলেও জানা গেছে।


Share: