ফেনীর সোনাগাজীতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত করা হয়।
আটক দুই যুবক হলেন সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলো সংলগ্ন জসিম ব্রিক ফিল্ড এলাকায় তারা মাদক সেবন করছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। পরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা তাদের আটক করে বক্তারমুন্সী বাজারে নিয়ে আসেন।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তাদের আটক করা হয়। পরে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তাদের দিয়ে দীর্ঘদিন অপরিষ্কার থাকা পুকুরটি পরিষ্কার করানো হয়। দিনব্যাপী তাদের দিয়ে এ কাজ করানো হয়েছে বলে জানান স্থানীয়রা।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে মাদক সেবন করছেন এমন খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে সেখানে যান। পরে তাদের আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই দুই যুবক এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। এ কারণে এবার তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাদের মাদক সেবন থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।