গাইবান্ধা সদর উপজেলায় সাদিয়া আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বোয়ালি ইউনিয়নের মধ্য রাধাকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার ওই গ্রামের সালাম মিয়ার মেয়ে। সে গাইবান্ধা জেলা শহরের আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় সাদিয়া তার মায়ের কাছে মোবাইল ফোন ব্যবহারের জন্য চায়। তার মা ফোন দিতে অস্বীকৃতি জানিয়ে তাকে পড়তে বসতে বলেন। এর কিছুক্ষণ পর সাদিয়া নিজের কক্ষে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খুশিত জাহানা মনিরা জানান, সাদিয়াকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত পাওয়া যায়।
খবর পেয়ে রাতে গাইবান্ধা সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমঙ্গল কুমার দাস জানান, সাদিয়ার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।