Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে বেঁধে মারধর - Chief TV

গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে বেঁধে মারধর - Chief TV

2026-09-16  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  29 views
গাইবান্ধায় শিশুকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে বেঁধে মারধর - Chief TV

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. সোলায়মান ইসলামকে স্থানীয়রা আটক করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছেন বলে জানা গেছে।

অভিযুক্ত সোলায়মান ইসলাম কামারজানি ইউনিয়নের পূর্ব বাটিকামারী গ্রামের মিফতাহুল কুরআন নূরানী কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি একই এলাকার আ. আজিজ বেপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় পাঠদান শেষে ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেওয়ার পর তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে নদীর তীরবর্তী এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় একটি মহল সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে তাকে জনতার হাত থেকে ছাড়িয়ে নেয় বলে জানা গেছে।

এদিকে অভিযুক্ত শিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে রাখার ছবি ও ঘটনার বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজনের দাবি, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, তিনি ঘটনাটি শুনেছেন। স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে মারধর করে ছেড়ে দিয়েছে বলেও তিনি জানতে পেরেছেন। তবে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ না হওয়ায় পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারেনি।

স্থানীয়রা ভুক্তভোগী শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


Share: