Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হচ্ছেন পুতুল - Chief TV

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হচ্ছেন পুতুল - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  18 views
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হচ্ছেন পুতুল - Chief TV

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে সভাপতিমণ্ডলীর সদস্য করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। চলতি সেপ্টেম্বরেই এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে বলে তারা জানিয়েছেন।

দলীয় নেতাদের ভাষ্য, আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠন এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনার মধ্যে পুতুলকে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হয়েছে। সভাটি প্রথমে নয়াদিল্লিতে সশরীরে করার পরিকল্পনা থাকলেও পরে ভার্চুয়ালি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুতুলের পাশাপাশি চট্টগ্রাম বিভাগ থেকে একজন এবং বরিশাল বিভাগ থেকে আরও একজন নেতাকে সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিল বা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্তের ভিত্তিতে দলীয় সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দিতে পারেন।

দলটির কয়েকজন নেতা জানিয়েছেন, শুক্রবারের কার্যনির্বাহী সংসদের সভাতেই পুতুলের মনোনয়ন চূড়ান্ত নাও হতে পারে। দলীয় সভাপতি শেখ হাসিনাকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে পরবর্তী সময়ে আলোচনা করে মনোনয়ন চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন।

এদিকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে নয়াদিল্লিতে সশরীরে বৈঠকের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হয়েছে। দলের কয়েকজন নেতা ইতোমধ্যে দিল্লিতে পৌঁছালেও কেন্দ্রীয় কমিটির সব সদস্য সেখানে না থাকায় ভার্চুয়াল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে। শেখ হাসিনা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালনের জন্য জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাম উল্লেখ করেছেন।

এদিকে সায়মা ওয়াজেদ পুতুল গত ৯ সেপ্টেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। রয়টার্স জানিয়েছে, ডব্লিউএইচও ও বাংলাদেশের কর্তৃপক্ষের তদন্তের প্রেক্ষাপটে তিনি পদত্যাগ করেন; তবে তার আইনজীবী অভিযোগগুলো অস্বীকার করেছেন।


Share: