Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? - Chief TV

কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  39 views
কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? - Chief TV

ব্রিকস সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই ধারাবাহিকতায় শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন তিনি। তবে বৈঠক শেষে মোদির আয়োজিত নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট।

শনিবার রাতে নয়াদিল্লির ভারত মণ্ডপমে ব্রিকসের রাষ্ট্রনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন নরেন্দ্র মোদি। সম্মেলনে অংশ নেওয়া অন্য কয়েকজন রাষ্ট্রনেতা সেখানে উপস্থিত থাকলেও শি জিনপিংকে নৈশভোজে দেখা যায়নি। বৈঠক শেষে তিনি হোটেলে ফিরে বিশ্রাম নেন বলে কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে শি জিনপিং কেন নৈশভোজে অংশ নেননি, সে বিষয়ে তার প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে শনিবার দুপুরের কিছু আগে দিল্লিতে পৌঁছান শি জিনপিং। ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। প্রায় সাত বছর পর ভারত সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট। দুই দিনের সফরে ব্রিকস সম্মেলনে অংশ নিতে তিনি ভারতে এসেছেন।

শি জিনপিং ছাড়াও নৈশভোজে উপস্থিত থাকতে পারেননি সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিও। দেশটির প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেওয়া আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ সম্মেলন শেষে ব্যস্ততার কারণে নিজ দেশে ফিরে যান।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আমন্ত্রিত অন্য রাষ্ট্রনেতারা নৈশভোজে অংশ নেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন সদস্যও এতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান।

এ ছাড়া লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও নৈশভোজে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তারা সংসদ ভবন থেকে দুটি বাসে করে ভারত মণ্ডপমে যান।

শনিবার শুরু হওয়া ব্রিকস সম্মেলন রোববার শেষ হওয়ার কথা। এবারের সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্যদেশ এবং ১০টি সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।


Share: