Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কক্সবাজার / কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার - Chief TV

কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  27 views
কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার - Chief TV

কক্সবাজারের রামুতে ৫৪ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আলী মুন্না শিকদার (২৭) নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি আইফোন ও নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় আরাকান সড়কে তাকে আটক করা হয়। পরে ইয়াবাসহ তাকে রামু থানায় সোপর্দ করা হয়। একই দিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ৩০ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বে থাকা নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান।

মামলার এজাহারে আটক ব্যক্তি এপিবিএনের সদস্য—এমন কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। এপিবিএনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যে তার এপিবিএন সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেলের চালক মোহাম্মদ আলী মুন্না শিকদারকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলের গোপন একটি বাক্সে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৫৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা দুটি আইফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

মামলার বাদী নায়েক সুবেদার মোহাম্মদ আরিফুর রহমান বলেন, আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন না। আটকের সময় পাওয়া নাম-পরিচয়ের ভিত্তিতে তাকে হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, বিজিবির দেওয়া এজাহারের ভিত্তিতে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি এপিবিএনের সদস্য কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন। তবে তিনি বলেন, আটক ব্যক্তি যে বাহিনীর সদস্যই হোন না কেন, অপরাধ করলে কেউই আইনের আওতার বাইরে থাকবেন না।

মোহাম্মদ আলী মুন্না শিকদার এপিবিএনের ১৬ ব্যাটালিয়নের সদস্য বলে নিশ্চিত করেছেন ওই ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউসার সিদ্দিকী। তিনি জানান, মুন্না ২১ দিনের ছুটিতে ছিলেন। এর মধ্যে তাকে ১৬ এপিবিএন থেকে ঢাকায় বদলি করা হয়। তবে নতুন কর্মস্থলে এখনো যোগ দেননি তিনি। ছুটিতে থাকা অবস্থাতেই তিনি এ ঘটনায় জড়িয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে, বিজিবির গণমাধ্যম শাখা থেকে নিয়মিত মাদক চোরাচালান ও ইয়াবা উদ্ধারের তথ্য সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলেও ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তারের এই ঘটনা নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় দুটি আইফোন, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দের বিষয়ও বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি।

বিজিবির গণমাধ্যম শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান।


Share: