Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / শেরপুর / কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে মালিকের খোঁজে দুদিন ধরে মাইকিং - Chief TV

কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে মালিকের খোঁজে দুদিন ধরে মাইকিং - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  34 views
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে মালিকের খোঁজে দুদিন ধরে মাইকিং - Chief TV

কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্থানীয় যুবক আতিকুর রহমান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও মালিকের সন্ধান না পেয়ে এবার বাজার ও আশপাশের এলাকায় মাইকিং করে টাকার প্রকৃত মালিককে খুঁজছেন তিনি।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় পড়ে থাকা অবস্থায় কিছু টাকা পান ঝিনাইগাতী সদর বাজারের বাসিন্দা আতিকুর রহমান খান। টাকা নিজের কাছে রেখে দেওয়ার পরিবর্তে সেদিন থেকেই প্রকৃত মালিকের সন্ধানে চেষ্টা শুরু করেন তিনি।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা পাওয়ার বিষয়টি জানিয়ে মালিকের খোঁজ করেন আতিকুর। দিনভর বিভিন্নভাবে প্রচার চালানোর পরও কেউ টাকার দাবিদার হিসেবে যোগাযোগ না করায় পরে মাইকিং করার উদ্যোগ নেন তিনি।

মাইকিং করে জানানো হচ্ছে, কেউ টাকা হারিয়ে থাকলে টাকার পরিমাণ, কোথায় হারিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যাচাই-বাছাই শেষে টাকার প্রকৃত মালিকের হাতে তা তুলে দেওয়া হবে।

আতিকুর রহমান খানের এমন উদ্যোগে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি মাইকিং করে মালিক খোঁজার ঘটনা সত্যিই ব্যতিক্রমী।

তাদের মতে, অন্যের সম্পদ নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এই মানসিকতা সমাজে সততা ও নৈতিকতার ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। এমন উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরও বাড়াতে পারে।


Share: