কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও চিকিৎসকদের সঙ্গে অসদাচরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে মিরপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এতে দুই চিকিৎসক আহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের সাব্বির হোসেনের তিন বছর বয়সী ছেলে রাফি সকালে পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন চিকিৎসকের কক্ষে ঢুকে অসদাচরণ করেন। একপর্যায়ে হাসপাতালের ১১ নম্বর মেডিকেল কর্মকর্তার কক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়।
এ ঘটনায় ডা. আব্দুস সামাদ ও ডা. জান্নাতুল রিয়া নামে দুই চিকিৎসক আহত হয়েছেন।
মিরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙচুরের খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল রিয়া বলেন, স্বজনদের প্রিয়জন হারানোর বেদনার বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখা হলেও জরুরি সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুর চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত করছে।