Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / মাদক সেবন দেখে ফেলায় শিশুর ওপর বীভৎস নির্যাতন - Chief TV

মাদক সেবন দেখে ফেলায় শিশুর ওপর বীভৎস নির্যাতন - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  39 views
মাদক সেবন দেখে ফেলায় শিশুর ওপর বীভৎস নির্যাতন - Chief TV

চাঁদপুরের ফরিদগঞ্জে মাদক সেবনের ঘটনা দেখে ফেলায় ১২ বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবার লিখিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আবদুল খালেক (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের অভিযোগ। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে পাঠান।

থানায় দেওয়া লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। শিশুটি তাদের মাদক সেবনের ঘটনা দেখে ফেলেছিল এবং বিষয়টি অন্যদের জানিয়ে দিতে পারে—এমন আশঙ্কা থেকেই তাকে নির্যাতন করা হয় বলে পরিবারের দাবি।

শিশুটির বাবা মো. বাবুল মিয়া বলেন, তার ছেলে মাদক সেবনের ঘটনা দেখে ফেলায় এবং বিষয়টি অন্যদের জানিয়ে দিতে পারে—এমন আশঙ্কায় অভিযুক্তরা তাকে আটকে রেখে নির্যাতন করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

গ্রেপ্তার আবদুল খালেক উপজেলার দক্ষিণ পাড়াগাব্দেরগাঁও গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি ন্যক্কারজনক। বাবার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে আবদুল খালেককে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


Share: