Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / মক্কার কাছে হুতিদের ড্রোন হামলা বলে প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের মদিনার - Chief TV

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলা বলে প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের মদিনার - Chief TV

2026-09-17  ডেস্ক রিপোর্ট  34 views
মক্কার কাছে হুতিদের ড্রোন হামলা বলে প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের মদিনার - Chief TV

পবিত্র মক্কা নগরীর আকাশসীমার কাছে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।

সম্প্রতি ভিডিওটি প্রচার করে কোথাও কোথাও দাবি করা হয়েছে, মক্কার দক্ষিণে হুতিদের একটি ড্রোন প্রতিহত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি মক্কার সাম্প্রতিক ঘটনার নয়। এটি প্রায় এক বছর আগের মদিনার একটি ঘটনার ভিডিও।

ভিডিওটির গুরুত্বপূর্ণ কয়েকটি দৃশ্য নিয়ে বিপরীতমুখী ছবি অনুসন্ধান চালিয়ে দেখা যায়, একই ভিডিও ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে। ২০২৫ সালের ১২ সেপ্টেম্বরও বিভিন্ন মাধ্যমে ভিডিওটি প্রকাশিত হয়েছিল।

তখন ‘ইসলাম চ্যানেল’ নামের একটি ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ভিডিওটিকে সৌদি আরবের মদিনা শহরের ঘটনা হিসেবে প্রচার করা হয়। ওই সময় মসজিদে নববির আশপাশের আকাশে বিস্ফোরণ ও একটি আলোকিত বস্তু পড়ে যাওয়ার কথা উল্লেখ করে ভিডিওটি ছড়ানো হয়েছিল।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরেই বিভিন্ন সংবাদমাধ্যম মদিনার আকাশে একটি অননুমোদিত ড্রোন শনাক্ত ও সেটি ভূপাতিত করার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ভোরে মদিনায় একটি ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়। স্থানীয় বাসিন্দারা তখন বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিলেন এবং আকাশ থেকে আলোকিত একটি বস্তু নিচে পড়ে যেতে দেখেছিলেন।

তবে ওই ড্রোনটি কোন দেশ বা স্থান থেকে ছোড়া হয়েছিল কিংবা এর সঙ্গে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল কি না, তা সে সময় প্রকাশিত প্রতিবেদনগুলোতে নিশ্চিত করা হয়নি। একই সঙ্গে মসজিদে নববি বা এর আশপাশে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবরও পাওয়া যায়নি।

বর্তমানে মদিনার সেই পুরোনো ভিডিওটিই মক্কার সাম্প্রতিক ঘটনার সঙ্গে জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ভিডিওটির অনলাইন অস্তিত্ব অন্তত ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে পাওয়া যাওয়ায় এটি মক্কার সাম্প্রতিক ঘটনার ভিডিও নয় বলে নিশ্চিত হওয়া যায়।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব গত মঙ্গলবার মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে ওই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে হুতিরা সৌদি আরবের দাবি প্রত্যাখ্যান করেছে।

ফলে মদিনার প্রায় এক বছর আগের ভিডিওকে মক্কার সাম্প্রতিক ঘটনার ভিডিও হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।


Share: