Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / মোবাইল চুরির অভিযোগে মাথার চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল - Chief TV

মোবাইল চুরির অভিযোগে মাথার চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  40 views
মোবাইল চুরির অভিযোগে মাথার চুল কেটে নির্যাতন, ভিডিও ভাইরাল - Chief TV

পাবনার ঈশ্বরদীতে মোবাইল ফোন চুরির অভিযোগে সিয়াম হোসেন (১৯) নামে এক তরুণের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া (প্রামানিক পাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম একই ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামের সুজন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জয়নগর মধ্যপাড়া গ্রামের শাহিনুর প্রামানিকের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে পালানোর সময় স্থানীয় কয়েকজন যুবক সিয়ামকে আটক করেন। পরে চুরির অভিযোগে স্থানীয় এক যুবক কাঁচি দিয়ে তার মাথার বিভিন্ন অংশের চুল কেটে দেন।

স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেন, সিয়াম মাদকাসক্ত এবং মাদকসেবনের জন্যই মোবাইল ফোনটি চুরি করেছেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা অভিযোগের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সিয়ামের বাবা সুজন সরদার জানান, ছেলেকে আটকের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তার দাবি, সিয়াম মানসিক ভারসাম্যহীন। হয়তো না বুঝেই সে চুরি করেছে। তবে চুরির অভিযোগে তার চুল কেটে দেওয়ার ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেন তিনি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Share: