Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / খুলনা বিভাগ / সারাদেশ / ঝিনাইদহ / নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কেটে দিলেন সভাপতি - Chief TV

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কেটে দিলেন সভাপতি - Chief TV

2026-07-10  ডেস্ক রিপোর্ট  108 views
নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কেটে দিলেন সভাপতি - Chief TV
ঝিনাইদহের শৈলকূপায় শিক্ষার্থীদের চুল কাটানোকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
 
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ যুক্তি নিজে নাপিত ডেকে এনে শিক্ষার্থীদের চুল কাটাইলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ যুক্তি কয়েকজন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ডেকে আনেন।
 
এরপর পাশের বাজার থেকে দুজন নাপিত নিয়ে এসে জোরপূর্বক তাদের চুল কাটানো শুরু করেন। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন এবং ঘটনার প্রতিবাদ জানান। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

চুল কাটানোর বিষয়ে অভিযুক্ত মামুনুর রশিদ যুক্তি বলেন, গত বুধবার অভিভাবকদের নিয়ে আয়োজিত এক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে শিক্ষার্থীরা এলোমেলো চুল বা অসংগতিপূর্ণ মাস্ক পরে বিদ্যালয়ে আসবে না।
 
সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যেই শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। হাতাহাতির বিষয়টি নিয়ে তিনি বলেন, এক অভিভাবক উত্তেজিত হয়ে পরিবেশ নষ্ট করায় পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরোক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে শৃঙ্খলার স্বার্থে সাবেক সভাপতি এই উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে।

শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

Share: