যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্কের শৈশবের বাড়িটি আবারও বিক্রি হয়েছে। আট মাসের ব্যাপক সংস্কারকাজের পর জ্যামাইকা এস্টেটস এলাকার ঐতিহাসিক টিউডর-শৈলীর বাড়িটি সম্প্রতি ১৯ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়।
রিয়েল এস্টেট প্রতিষ্ঠান রি/ম্যাক্স এজের লিস্টিং এজেন্ট জো ঝু এই বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন। তার তথ্য অনুযায়ী, বাড়িটির সঙ্গে ট্রাম্পের নাম জড়িয়ে থাকায় সম্ভাব্য ক্রেতাদের মধ্যে শুরু থেকেই ব্যাপক আগ্রহ ছিল।
গত বছর জরাজীর্ণ অবস্থায় বাড়িটি ৮ লাখ ৩৫ হাজার ডলারে কিনেছিলেন ডেভেলপার টমি লিন। এরপর বাড়িটির সংস্কারে তিনি পাঁচ লাখ ডলারের বেশি ব্যয় করেন। প্রায় আট মাসের সংস্কার শেষে বাড়িটির চেহারাই বদলে যায়।
সংস্কারের পর বাড়িটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৯ লাখ ৯৯ হাজার ডলার। শেষ পর্যন্ত নির্ধারিত দামের কাছাকাছি ১৯ লাখ ৩০ হাজার ডলারে এটি বিক্রি হয়।
১৯৪০ সালে ট্রাম্পের বাবা ও রিয়েল এস্টেট ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প বাড়িটি নির্মাণ করেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের বয়স যখন চার বছর, তখন তার পরিবার জ্যামাইকা এস্টেটসের অন্য একটি বড় বাড়িতে চলে যায়।
দীর্ঘ সময় পরিত্যক্ত থাকার পর বাড়িটি একসময় জরাজীর্ণ হয়ে পড়েছিল। সংস্কারের পর সেখানে যুক্ত হয়েছে আধুনিক রান্নাঘর, বাথরুম ও নতুন মেঝে। তবে বাড়িটির বাইরের ঐতিহাসিক টিউডর-শৈলীর নকশা অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রথমবার হোয়াইট হাউসে যাওয়ার পর বাড়িটি ২১ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। পরে বাড়িটি পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি ভাড়ায়ও দেওয়া হয়।
রিয়েল এস্টেট সংশ্লিষ্টরা বলছেন, বাড়িটির মূল্য শুধু এর অবকাঠামো বা সংস্কারের কারণে নয়, ট্রাম্পের শৈশবের সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাসের কারণেও এর প্রতি ক্রেতাদের আগ্রহ তৈরি হয়েছে।