Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / অভিনয় দিয়ে জয় করেছিলেন মন, এবার গলির নামে নাসির খান - Chief TV

অভিনয় দিয়ে জয় করেছিলেন মন, এবার গলির নামে নাসির খান - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  22 views
অভিনয় দিয়ে জয় করেছিলেন মন, এবার গলির নামে নাসির খান - Chief TV

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক নাসির খানের জন্ম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। তার জন্মস্থান ঘিরে থাকা একটি গলি এখন স্থানীয়দের কাছে পরিচিত ‘নাসির খানের গলি’ নামে। প্রিয় এই অভিনেতার স্মৃতিকে সম্মান জানাতেই গলিটির এমন নামকরণ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

১৯৫৯ সালের ১৭ সেপ্টেম্বর মঠবাড়িয়ায় জন্মগ্রহণ করেন নাসির খান। মফস্বল থেকে উঠে এসে ঢাকাই চলচ্চিত্রে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন তিনি। ১৯৮৫ সালে ‘চোর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার।

এরপর প্রায় ২৭ বছরের অভিনয়জীবনে পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেন নাসির খান। হুমায়ুন ফরীদি, রাজীব, এ টি এম শামসুজ্জামান ও আহমেদ শরীফের মতো জনপ্রিয় খলনায়কদের সঙ্গে একই পর্দায় অভিনয় করেও নিজের অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।

‘এই ঘর এই সংসার’, ‘মায়ের অধিকার’, ‘সাক্ষাৎ’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘ভালোবাসার ঘর’, ‘পাগল মন’, ‘স্বপ্নের নায়ক’ ও ‘গরিবের রাণী’সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন নাসির খান। অভিনয়ের পাশাপাশি তার বিভিন্ন চরিত্রের সংলাপও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

২০০৭ সালের ১২ জানুয়ারি মাত্র ৪৭ বছর বয়সে মারা যান এই অভিনেতা। স্ত্রী মেহেরুন্নেসা এবং তিন মেয়ে নাছিমা খানম মমতা, ফাহিমা খানম শর্মিতা ও মহিমা খানম নিশিতাকে রেখে যান তিনি।

মঠবাড়িয়া পৌর শহরের বাসিন্দা সজীব মিত্র বলেন, ছোটবেলা থেকেই তারা নাসির খানের সিনেমা দেখতেন। তিনি তাদের জনপদের একজন কৃতী সন্তান। পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পারেন, জনপ্রিয় এই অভিনেতার জন্ম মঠবাড়িয়ায়। তার জন্মভিটা ঘিরে ‘নাসির খানের গলি’ নামে একটি জায়গা পরিচিত বলেও শুনেছেন তিনি।

প্রবীণ সাংবাদিক দেবদাস মজুমদার বলেন, মঠবাড়িয়ার একটি ইউনিয়নে নাসির খানের বাড়ি। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসতেন। তার অভিনয় ও শিল্পীসত্তা স্থানীয় মানুষের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। মৃত্যুর পরও তার অভিনয় ও চলচ্চিত্রের কাজের মাধ্যমে মানুষ তাকে মনে রেখেছে।

স্থানীয়দের কাছে নাসির খানের স্মৃতি তাই শুধু পুরোনো চলচ্চিত্রের পর্দাতেই সীমাবদ্ধ নয়। জন্মভূমির একটি গলির নামের মধ্যেও আজও বেঁচে আছে ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতার স্মৃতি।


Share: