পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশ কম্পাউন্ডে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় কোহাট জেলার ওল্ড পুলিশ লাইন্সের গেটে হামলার ঘটনা ঘটে। স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরকভর্তি একটি গাড়ি পুলিশ লাইন্সের গেটে সজোরে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে। এতে পুলিশ কম্পাউন্ডের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের প্রভাবে কম্পাউন্ডের মসজিদের বাইরের অংশে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে।
কোহাট জেলা হাসপাতালের শীর্ষ কর্মকর্তা তাহির আলী শাহ জানান, আহতদের পাশাপাশি ১৫ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। পরে খাইবার পাখতুনখোয়া পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করে জানায়, তাদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর এক হামলাকারীও নিহত হয়েছে। হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।