ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আওয়ামী লীগ এভাবে ক্ষমতা থেকে বিদায় নেবে—এমনটা পৃথিবীর কোনো জ্যোতিষী বা গোয়েন্দা সংস্থাও ধারণা করতে পারেনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে মাত্র কয়েকজন কর্মকর্তা বড় একটি ঘটনা ঘটিয়েছিলেন। সে সময় শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও আওয়ামী লীগকে রক্ষার জন্য বড় একটি রক্ষীবাহিনী অপেক্ষায় থাকলেও তারা কোনো প্রতিরোধ গড়ে তোলেনি।
তিনি বলেন, মানুষের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রাখা উচিত। শেষ পর্যন্ত আল্লাহ যা চান, তাই হয়।
অনুষ্ঠানে হামদ, নাতে রাসুল, কেরাত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।
আলোচনায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন।
‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী। প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।