সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফয়জুল হক (৪৫) নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদরাসার হিফজ শাখার শিক্ষক। তার বাড়ি জৈন্তাপুর উপজেলায়।
শাহপরান থানা পুলিশ জানায়, দুই শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করার পর ফয়জুল হক মাদরাসা ছেড়ে জৈন্তাপুরে চলে যান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি দুই শিশু মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পর সেখানে আর ফিরতে অনীহা প্রকাশ করে। পরে তারা পরিবারের কাছে শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ করে। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস আহমদ জানান, দুই শিশুকে বলাৎকারের অভিযোগে তাদের একজনের চাচা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক ফয়জুল হক অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে জানান তিনি।
ওসি আরও বলেন, অভিযুক্ত শিক্ষক মাদরাসার একটি কক্ষে আবাসিকভাবে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরও কোনো শিক্ষার্থী তার দ্বারা আক্রান্ত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, বুধবার বিকেলে ফয়জুল হককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।