নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় রিমান্ড শেষে অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সিআইডি সূত্র জানায়, গত ৯ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে ১২ আগস্ট জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। ২৭ আগস্ট আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৬ সেপ্টেম্বর তাকে রিমান্ডে নেয় সিআইডি। চার দিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করা হয়।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে ডন মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের চেনেন বলে জানিয়েছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি বিভিন্ন বিষয়ে অবগত ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে সালমান শাহর মৃত্যু ও মামলার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অনেক তথ্য কৌশলে গোপন করার চেষ্টা করেন বলে দাবি করেছে পুলিশ। তার আচরণ ও কর্মকাণ্ডের বিষয়ে তদন্তে বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মুজিবুর রহমান জানান, ডনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা—এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও আইনি প্রক্রিয়া চললেও বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।