Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ক্যাম্পাস / সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ - Chief TV

সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ - Chief TV

2026-09-10  ডেস্ক রিপোর্ট  50 views
সেই সিফাতকে এবার কলেজ থেকে বহিষ্কারের উদ্যোগ - Chief TV

ফেসবুকে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে কেন কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়া হবে না, তা জানতে চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৬ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে অভিযুক্ত শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে যথাযথ কারণ জানাতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ সিফাত (আইডি নম্বর-৪১০২১০৪৬) আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিবিএ অনার্স ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ৩ সেপ্টেম্বর নিজের বাসার বিদ্যুৎ বিলের অসামঞ্জস্যতার বিষয় উল্লেখ করে ফেসবুকে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে অশালীন ভাষায় বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। ওই বক্তব্য সেদিনই ফেসবুকে ছড়িয়ে পড়ে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ বলেছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ একটি সুশৃঙ্খল ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

নোটিশে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিবেচনায় শিক্ষার্থীকে কলেজ থেকে বহিষ্কার অথবা ছাড়পত্র দেওয়ার বিধান রয়েছে। এ বিষয়ে কলেজের স্থায়ী পরিচালনা নীতিমালার অধ্যায় ৯-এর অনুচ্ছেদ ৯.৮-এর ক্রমিক ৮-এর উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় আব্দুল্লাহ সিফাতের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে বহিষ্কার বা ছাড়পত্রের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার যথাযথ কারণ তিন কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

নোটিশের অনুলিপি অবগতির জন্য সংশ্লিষ্ট সামরিক ও শিক্ষা কর্তৃপক্ষ এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে।


Share: