বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীন পণ্য বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ধুনট মোড় এলাকার হোটেল আখিমনি ও মা-মনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া বাসস্ট্যান্ড এলাকার শম্পা দধি ভান্ডারকে ১০ হাজার টাকা, চৈতি দধি ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং সাউদিয়া ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে দই উৎপাদন ও বিক্রি, লেবেলবিহীনভাবে পণ্য বাজারজাত এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আইনে পাঁচটি মামলা দায়ের করে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোর মালিকদের আগামী সাত দিনের মধ্যে ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতা করেন সংস্থাটির সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন।
সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লেবেলবিহীন পণ্য বাজারজাত এবং লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।