Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত - Chief TV

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  13 views
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অপপ্রচার শনাক্ত - Chief TV

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্ট চেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্ট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে দাবি করা হয়, পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তি জিয়াউর রহমান নন।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওতে থাকা ব্যক্তির বয়স ও দৃশ্যের সময়কাল বিশ্লেষণ করলেও দাবিটির সঙ্গে অসামঞ্জস্য পাওয়া যায়। জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি। ১৯৪৭ সালে তার বয়স ছিল মাত্র ১১ বছর। অথচ ভিডিওতে জিন্নাহর সঙ্গে করমর্দন করতে দেখা যাওয়া ব্যক্তিকে একজন যুবক হিসেবে দেখা যায়। ফলে ওই ব্যক্তি জিয়াউর রহমান হওয়ার দাবি সঠিক নয় বলে ফ্যাক্ট চেকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাফ্যাক্টের মতে, জিন্নাহর সঙ্গে দেখা করতে জিয়াউর রহমান লাইনে দাঁড়িয়ে ছিলেন—এমন দাবি করে ভিডিওটি প্রচার করা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর একটি অপচেষ্টা।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বা পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্ট নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে থাকে। যাচাইয়ের মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণাও করে প্রতিষ্ঠানটি।

বাংলাফ্যাক্টের তথ্য অনুযায়ী, বাংলাদেশকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে। এসব তথ্যের মধ্যে রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ও রয়েছে। এমন পরিস্থিতিতে গুজব ও অপতথ্য শনাক্ত করে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি।


Share: