Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন - Chief TV

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  33 views
শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন - Chief TV

চাঁদপুরের কচুয়ায় তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. নাছির আহমেদ গাজীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দারাশাহী তুলপাই বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা বিদ্যালয়ের মাঠে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত তদন্ত ও বিচার দাবি করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে, শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দ্রুত কমিটি গঠন, অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি এবং তদন্ত চলাকালীন বা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের সব কার্যক্রম থেকে বিরত রাখা।

দশম শ্রেণির শিক্ষার্থী রাহাত পাটোয়ারি ও মেহেদি হাসান বলেন, শিক্ষার্থীরা সব ধরনের যৌন হয়রানি ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাঁদের দাবি, এর আগেও প্রধান শিক্ষকের কাছে কয়েকবার বিষয়টি জানানো হলেও সুষ্ঠু বিচার না পাওয়ায় তাঁরা ক্লাস বর্জন করতে বাধ্য হয়েছেন।

সপ্তম শ্রেণির শিক্ষার্থী হালিমা আক্তার ও রাখি রাণী অভিযোগ করেন, অভিযুক্ত শিক্ষক তাঁদের সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করেছেন। তাঁরা অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিদ্যালয়ের দাতা সদস্য জুয়েল পাটোয়ারি বলেন, আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেছে। কয়েকবার সালিশের মাধ্যমে তাঁকে সতর্ক করা হলেও অভিযোগ অনুযায়ী তিনি সংশোধন হননি।

এক শিক্ষার্থীর চাচা মো. জাকির হোসেন অভিযোগ করেন, তাঁর ভাতিজির সঙ্গে ওই শিক্ষক খারাপ আচরণ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মো. নাছির আহমেদ গাজী। মুঠোফোনে তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার কয়েকজন শিক্ষার্থী তাঁকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছিল। রোববার হঠাৎ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশ্রাফ খান জানান, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জনের খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


Share: