পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও ৫.১ ললিপপ সংস্করণে চলা বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এসব ফোনে অ্যাপটি ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের পূর্বঘোষণা অনুযায়ী, যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ রয়েছে এবং পরবর্তী সংস্করণে হালনাগাদ করার সুযোগ নেই, সেসব ফোনে আর হোয়াটসঅ্যাপ চালানো সম্ভব হবে না। বর্তমানে অ্যাপটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ৬.০ বা এর পরের সংস্করণ প্রয়োজন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফোরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলেই পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে সাপোর্ট বন্ধের বিষয়টি জানিয়েছিল হোয়াটসঅ্যাপ। সেই ঘোষণা অনুযায়ী ৮ সেপ্টেম্বর থেকে ললিপপ সংস্করণের জন্য সাপোর্ট প্রত্যাহার করা হয়েছে।
এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো স্মার্টফোনের মালিকরা। বিশেষ করে যেসব ফোন নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর সফটওয়্যার হালনাগাদ দেওয়া হয় না, সেসব ডিভাইসে হোয়াটসঅ্যাপ চালু রাখা সম্ভব হবে না।
হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে প্রথমে ফোনের অ্যান্ড্রয়েড সংস্করণ পরীক্ষা করতে হবে। ফোনটি যদি অ্যান্ড্রয়েড ৬.০ বা পরবর্তী সংস্করণে হালনাগাদ করার সুযোগ থাকে, তাহলে সফটওয়্যার হালনাগাদ করার পর আবার হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। তবে হালনাগাদের কোনো সুযোগ না থাকলে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ সমর্থন করে এমন ফোন ব্যবহার করতে হবে। একই নিয়ম হোয়াটসঅ্যাপ বিজনেসের ক্ষেত্রেও প্রযোজ্য।
পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণের সাপোর্ট বন্ধ করার পেছনে নতুন ফিচার ও নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। অনেক পুরোনো অপারেটিং সিস্টেমে আধুনিক প্রযুক্তি ও নতুন ফিচার ঠিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। তাই পুরোনো সংস্করণের সাপোর্ট সরিয়ে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে বেশি গুরুত্ব দিচ্ছে হোয়াটসঅ্যাপ।