নোয়াখালীর চাটখিল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ প্রিয়া আক্তার পিংকি (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁর স্বামী ও কথিত মাদক কারবারি হেলাল হোসেন (২৮) পালিয়ে যান।
শুক্রবার উপজেলার সাহাপুর ইউনিয়নের কাজীর বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। প্রিয়া আক্তার পিংকি ওই এলাকার হেলাল হোসেনের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহাপুর কাজীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রিয়া আক্তার পিংকির ঘর থেকে ৬৯০ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে তাঁর স্বামী হেলাল হোসেন সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক হেলাল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে তাদের শূন্য সহনশীলতার অভিযান অব্যাহত থাকবে।