চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদ আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেরোরিজম ইউনিট ও পুলিশের যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভবনটি থেকে ল্যাপটপ ও মোবাইল ফোনসহ প্রায় ৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভবনটিতে বিদেশি নাগরিকদের অবস্থান এবং সেখানে সন্দেহজনক কার্যক্রমের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৬৫ জনকে আটক করা হয়েছে।
ওসি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসব ডিভাইস পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল আসছে। পরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
পুলিশের ধারণা, জব্দ করা ডিভাইসগুলোর তথ্য বিশ্লেষণ করলে আটক ব্যক্তিদের পারস্পরিক যোগাযোগ, বাংলাদেশে আসার উদ্দেশ্য এবং ওই ভবনে তাদের কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
আটক বিদেশি নাগরিকদের পরিচয় ও তারা কী উদ্দেশ্যে ওই ভবনে অবস্থান করছিলেন, সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।