Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের - Chief TV

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  50 views
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের - Chief TV

বগুড়ার ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে গিয়ে তিনি শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেন এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ ও দোয়া করেন জামায়াত আমির।

কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান। পরে মাদ্রাসা মাঠে উপস্থিত মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।

বক্তব্যে জামায়াত আমির বলেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। জনগণের এসব কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।

জামায়াত আমিরের আগমন উপলক্ষে সকাল থেকেই মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। মানিকপোটল গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি আব্দুল করিমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ আব্দুল মালেক ১৯৬৯ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ইসলামী ছাত্র আন্দোলনে শহীদ হন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সভাপতি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল গ্রামে।


Share: