ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় যুক্ত করা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙচুর করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ‘ছি ছি জিন্নাহ’ বলে ছবিটিতে আঘাত করে সেটি ভেঙে ফেলছেন। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) সংস্কারকাজ শেষে ডাকসুর সংগ্রহশালা চালু করা হয়। সেখানে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবিটিও যুক্ত করা হয়েছিল।
এদিকে জিন্নাহকে স্মরণ করে এর আগের শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর একটি সাদাকালো প্রতিকৃতি প্রকাশ করা হয়। পোস্টে তাঁর জন্ম ও মৃত্যুর তারিখ যথাক্রমে ২৫ ডিসেম্বর ১৮৭৬ এবং ১১ সেপ্টেম্বর ১৯৪৮ উল্লেখ করা হয়।
ওই পোস্টে জিন্নাহকে উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা, পাকিস্তান রাষ্ট্রের অন্যতম স্বপ্নদ্রষ্টা ও দেশটির প্রথম গভর্নর জেনারেল হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকার কথাও তুলে ধরা হয়।
ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় ও এর পেছনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।