নওগাঁর সাপাহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব হস্তান্তর নিয়ে জটিলতায় সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। নতুন ওসি থানায় যোগ দিলেও বিদায়ী ওসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় সাময়িকভাবে ব্যাহত হয়েছে থানার প্রশাসনিক ও আইনি কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এক আদেশে সাপাহার থানার ওসি মিজানুর রহমানকে জনস্বার্থে জয়পুরহাট জেলায় বদলি করা হয়। তার স্থলে নতুন ওসি হিসেবে শাহীন রেজাকে দায়িত্ব দেওয়া হয়। শাহীন রেজা থানায় যোগ দিলেও বিদায়ী ওসি দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় প্রশাসনিক কার্যক্রমে জটিলতা তৈরি হয়।
এতে সাধারণ ডায়েরি (জিডি), দাপ্তরিক কাজসহ বিভিন্ন আইনি সেবা নিতে থানায় আসা লোকজনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন সেবাপ্রার্থী।
উপজেলার গাঞ্জাকুড়ি গ্রামের ষাটোর্ধ্ব মোকসেদুল ইসলাম জানান, সকাল ৯টায় থানায় গিয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অপেক্ষা করেও কাজ শেষ করতে পারেননি। পুরাতন মুহুরি পট্টি এলাকার শিক্ষার্থী জারিফ জানান, একটি জিডি করার জন্য সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থানায় অপেক্ষা করতে হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে বিদায়ী ওসি মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে থানায় গিয়ে তার কক্ষে ব্যস্ত থাকার কথা জানিয়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিকদের ভেতরে যেতে দেননি। প্রায় এক ঘণ্টা পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই গাড়িতে করে থানা ত্যাগ করেন।
নতুন ওসি শাহীন রেজা জানান, তিনি আগের দিন থেকেই থানায় অবস্থান করছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাননি। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
স্থানীয়রা বলছেন, থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জরুরি নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুত দায়িত্ব হস্তান্তরের জটিলতা নিরসন করা প্রয়োজন। সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপও দাবি করেছেন তারা।