জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে মো. মিনহাজ (১৮) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চাপাগাছি হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ওই গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দ্বিতীয় তলায় যান মিনহাজ। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির ওপরের তলায় তার মরদেহ দেখতে পান তারা।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা মো. ওয়াহেদ আলী জানান, মিনহাজ আগে ঢাকায় থাকতেন। প্রায় দুই মাস আগে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, মিনহাজ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কোনো কলহের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।