Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / গোপালগঞ্জ / বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, হেলপার নিহত - Chief TV

বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, হেলপার নিহত - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  39 views
বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, হেলপার নিহত - Chief TV

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি টমটম রাস্তার পাশের বিলে পড়ে নিরুপন রায় (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর বিলের পানিতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরুপন রায় উপজেলার লাটেঙ্গা গ্রামের নিরঞ্জন রায়ের ছেলে।

ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে বালুভর্তি টমটমটি বদরতলা এলাকার সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিলে পড়ে যায়। এ সময় টমটমে থাকা হেলপার নিরুপন রায় ছিটকে বিলের পানিতে পড়ে নিখোঁজ হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিলের পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালানোর পর বিলের পানির নিচ থেকে নিরুপন রায়ের মরদেহ উদ্ধার করা হয়।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর পানির নিচ থেকে নিরুপনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিরুপনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share: