Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / সিলেট / বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা - Chief TV

বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  45 views
বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা - Chief TV

সিলেটের বিশ্বনাথে ফেসবুক পোস্টে মন্তব্য করার জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায় গিয়ে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্বনাথ পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম আহমদ তার ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পোস্ট করেন। এসব পোস্টের মন্তব্যের ঘরে পাল্টা জবাব দেন আবদুল মজিদ বকুল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা অভিযোগ করে বলেন, শামীমের ফেসবুক পোস্টে মন্তব্য করার কারণে তিনি বকুলের বাসায় গিয়ে তাকে মারধর করেন। পরে খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা বকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত বকুলকে প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

পথসভা থেকে ছাত্রদল নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে শামীম আহমদকে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।


Share: