বিয়ের আনন্দ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের নববিবাহিত যুবক ইকন। জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ির বাসিন্দা। তিনি রামগঞ্জের আরএসএল নেটওয়ার্কে জ্যেষ্ঠ কারিগরি কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ইকনসহ তিনজন মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলিপুর বাজারসংলগ্ন এলাকায় একটি জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগঞ্জে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইকনের শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ইকনের চাচাতো ভাই রুবেল জানান, মাত্র তিন দিন আগে ইকনের বিয়ে হয়েছিল। নতুন জীবন শুরুর আনন্দের মধ্যেই এমন দুর্ঘটনায় পরিবারটি শোকে ভেঙে পড়েছে। নববধূকে রেখে ইকনের চলে যাওয়ায় স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
ইকনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।